সড়ক দুর্ঘটনা, নিহত
সড়ক দুর্ঘটনা। ইন্টারনেট

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাতদের পরিচয় জানা যায়নি।

Advertisement

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রা ও সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে বাসটি মহাসড়কের পাশে থাকা প্যাসিফিক আইডিয়াল হাইস্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। আহত ১০ জনই মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

দুর্ঘটনাকবলিত বাসের কয়েকজন যাত্রী জানান, চলন্ত অবস্থায় বাসের চালক হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।