
১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মিছিলটি দিনাজপুর স্টেশন রোড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
শুভেচ্ছা মিছিলের আগে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে এবং শহর শাখার সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, শহর জামাতের সাবেক আমির মো: তৈয়ব আলী, জেলা জাগপার সভাপতি ইমরুল কায়েস রুপম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবির, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো: রেজাউল ইসলাম, এনসিপি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মো: কামরুজ্জামানসহ জেলার ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।







