
নিজ এলাকায় চলমান সার সঙ্কট নিয়ে অভিযোগ তুলে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য রোকনউদ্দিন বাবুল বলেছেন, ‘সার সঙ্কট বর্তমান সরকারের সৃষ্টি নয়। পতিত সরকারের সময়ের তৈরি এ সঙ্কট মোকাবিলায় বর্তমান সরকার নতুন সার নীতি প্রণয়ন ও নতুন করে ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছে।’
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কালীগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রোকনউদ্দিন বাবুল অভিযোগ করে বলেন, ‘অতীত সরকারের নেতাকর্মীদের কেউ কেউ সার ডিলার ছিলেন। তারা কৃত্রিমভাবে সার সঙ্কট তৈরি করে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন।’
তিনি বলেন, ‘লালমনিরহাটের সার সঙ্কট সমাধানে কৃষি মন্ত্রণালয়ের সাথে কথা বলা হবে। কৃষকদের যাতে চাহিদা অনুযায়ী সার পেতে সমস্যা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।’
বর্তমানে আমন মৌসুমে জেলায় সার নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষের মধ্যে সংসদ সদস্যের এমন বক্তব্য এলো। গত কয়েক সপ্তাহে সার সরবরাহ ও বিতরণ নিয়ে জেলার বিভিন্ন স্থানে কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং কোথাও কোথাও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১০০টি মন্দিরে গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি মন্দিরে পাঁচটি করে মোট ৫০০টি চারা দেয়া হয়। জাতনিম, কাঠবাদাম, জলপাই, কাঁঠাল ও পেয়ারা গাছের চারা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রোকনউদ্দিন বাবুল। সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রোকনউদ্দিন বাবুল বলেন, ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দেয়া হচ্ছে। মন্দির প্রাঙ্গণে রোপণ করা গাছগুলোর যথাযথ যত্ন ও পরিচর্যা করা হলে এগুলো বড় হয়ে পরিবেশের জন্য উপকার বয়ে আনবে।’
এর আগে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় ক্ষুদ্রঋণের অর্থ হস্তান্তর করা হয়।







