আন্তর্জাতিক, রোবটিকস, ফেডারেশন, হিউম্যানয়েড
চীনে হিউম্যানয়েড রোবট গেমসের মুষ্টিযুদ্ধে একটি দৃশ্য সংগৃহীত

গত বছর শিল্প ও পেশাগত সেবার কাজে বিশ্বজুড়ে প্রায় ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি হয়েছে। আন্তর্জাতিক রোবটিকস ফেডারেশনের (আইএফআর) সংগৃহীত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স সোমবার (২১ সেপ্টেম্বর) জানিয়েছে, বিক্রির এই সংখ্যা তুলনামূলকভাবে কম। তবে আগামী বছরগুলোতে এ খাতে বড় ধরনের প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হচ্ছে। বিশেষ করে বিশ্বের সবচেয়ে বড় শিল্প রোবটের বাজার চীনে এই প্রবৃদ্ধির সম্ভাবনা বেশি। গত মাসে দেশটি আয়োজিত রোবট গেমসে হিউম্যানয়েড রোবটের দৌড় ও বক্সিং প্রদর্শন করা হয়।

রোবটের দৌড় প্রতিযোগিতা

 

আইএফআরের সংজ্ঞা অনুযায়ী, হিউম্যানয়েড রোবটের চেহারা মানুষের মতো হতে হবে। পাশাপাশি মানুষের জন্য তৈরি পরিবেশে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে হবে। তবে রোবটের পা থাকা বাধ্যতামূলক নয়।

প্রকাশের আগে রয়টার্স আইএফআরের তথ্য পর্যালোচনা করেছে। বিপুল বিনিয়োগ আকর্ষণ করা এই প্রযুক্তির শিল্পব্যাপী পরিসর বোঝার ক্ষেত্রে এটি অন্যতম প্রথম উদ্যোগ। তবে আইএফআরের মহাসচিব সুজানে বিলার রয়টার্সকে বলেছেন, বিশ্বে মোট রোবটের তুলনায় হিউম্যানয়েড রোবটের সংখ্যা এখনো 'একটি ক্ষুদ্র অংশ'।

২০২৪ সালে বিশ্বে প্রায় ৫ লাখ ৪২ হাজার সাধারণ শিল্প রোবট স্থাপন করা হয়। একই বছর পরিবহন, আতিথেয়তা ও পরিচ্ছন্নতার কাজে প্রায় ১ লাখ ৯৯ হাজার সেবা রোবট বিক্রি হয়। ২০২৫ সালের শিল্প ও সেবা রোবটের পরিসংখ্যান ২৪ সেপ্টেম্বর প্রকাশ করবে আইএফআর।

বিলার জানান, ২০২৫ সালে বিক্রি হওয়া অনেক হিউম্যানয়েড রোবট উৎপাদনশীল কাজে ব্যবহৃত হয়নি। গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল উন্নত করার জন্য তথ্য সংগ্রহে এসব রোবট কিনেছে।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রাথমিক ব্যবহারকারীদের মধ্যে রয়েছে। তারা কারখানায় পরীক্ষামূলকভাবে এক অঙ্কের, কখনো দুই অঙ্কের সংখ্যায় রোবট ব্যবহার করছে বলে জানান বিলার।

তিন দশক ধরে রোবটিকসের পরিসংখ্যান সংগ্রহ করছে আইএফআর। এবারই প্রথম তারা শিল্প ও সেবা রোবটের বড় পরিসংখ্যানের সাথে হিউম্যানয়েড রোবটের তথ্য সংগ্রহ শুরু করেছে।

ব্যাংক অব আমেরিকা গ্লোবাল রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ৯০ হাজার এবং ২০৩০ সালের মধ্যে ১২ লাখ হিউম্যানয়েড রোবট সরবরাহ করা হতে পারে। আইএফআরের হিসাব সরবরাহকারী ও জাতীয় শিল্প সংগঠনের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। এতে ভোক্তা ও সামরিক কাজে ব্যবহৃত হিউম্যানয়েড রোবট অন্তর্ভুক্ত নয়। চিকিৎসা রোবটকে আলাদাভাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।