
প্রাণিসম্পদ খাতকে আরো সমৃদ্ধ করে দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা কামনা করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘প্রাণিসম্পদ শুধু দেশের অর্থনীতির খাত নয়, এটি মানুষের পুষ্টি, জীবিকা ও খাদ্যনিরাপত্তার সাথে নিবিড়ভাবে জড়িত।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল (ভিটিএইচ) প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ভিসি বলেন, ‘একটি অসুস্থ প্রাণী কেবল খামারির আর্থিক ক্ষতি করে না, এর প্রভাব পড়ে পুরো খাদ্য ব্যবস্থায়। তাই প্রাণীর চিকিৎসা ও খামারিদের পরামর্শ দেয়াকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতা হিসেবে দেখতে হবে।’
এ সময় তিনি গাকৃবির ভেটেরিনারি টিচিং হাসপাতালকে দেশের অন্যতম সেরা ও আধুনিক প্রাণী চিকিৎসাকেন্দ্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
দিবসটি উপলক্ষ্যে হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা, পরামর্শ ও টিকাদান কর্মসূচি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
ভিটিএইচের পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে ও সহযোগী পরিচালক প্রফেসর ড. জীবন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো: তৈমুর ইসলাম। এছাড়া বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন ও রেজিস্ট্রার মো: আবদুল্লাহ মৃধাসহ শিক্ষক-শিক্ষার্থী ও খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ভিসি চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। পরে অভিজ্ঞ চিকিৎসক ও ইন্টার্ন শিক্ষার্থীদের সমন্বয়ে দিনব্যাপী গবাদিপশু ও পোষা প্রাণীর রোগ নির্ণয় এবং বিনামূল্যে ওষুধ ও টিকা দেয়া হয়। কর্মসূচিতে গরু, ছাগল, হাঁস-মুরগি, বিড়াল ও কুকুরসহ মোট ২৭০টি প্রাণীকে সেবা দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









