
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের জন্য দেশের সব মাদরাসার প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোর্ডের প্রকাশিত পৃথক দু’টি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে দিবস দু’টি পালনের জন্য সব মাদরাসার প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, সুপার, সভাপতি এবং পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিটি মাদরাসায় বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে। প্রতিষ্ঠানের সুবিধাজনক সময়ে আয়োজিত এ অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরতে হবে এবং শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অন্যদিকে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে মাদরাসাগুলোকে পাঁচটি নির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে প্রথমত, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিক মাপ ও রঙের পতাকা প্রতিটি মাদরাসা ভবনে উত্তোলন করতে হবে।
দ্বিতীয়ত, বিজয় দিবসের দিন সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।
তৃতীয়ত, জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সুবিধাজনক সময়ে শিশু-কিশোরদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনেও সক্রিয় অংশগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
চতুর্থত, ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।
সবশেষ কর্মসূচি হিসেবে ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে প্রতিটি মাদরাসায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে বলা হয়েছে। এতে শহিদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করতে নির্দেশ দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









