জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বক্তব্য রাখছেন ইবি ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। নয়া দিগন্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) পুনঃপ্রতিষ্ঠা করতে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিগত দিনের ক্ষয়ক্ষতি ও সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্র অবস্থানে ফিরিয়ে নিতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

Advertisement

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মসূচীতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ভিসি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন এবং তাদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। দেশ ও জাতিকে নতুনভাবে গড়ে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পুনর্গঠনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’

Advertisement

এর আগে সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ জিয়াউর রহমানের স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি। পরে বিভিন্ন হল, বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো: আশরাফ উদ্দিন খান।