
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা পুলিশি হামলার প্রতিবাদ ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে নীলক্ষেত সংলগ্ন মিরপুর-আজিমপুর সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘জবাব চাই, জবাব চাই, মধ্যরাতে হামলা কেন’, ‘বোনের গায়ে হাত কেন’ এবং ‘পালাইছে পালাইছে, স্বৈরাচার পালাইছে’-সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘মধ্যরাতে হামলা কেন?’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন?’ এবং ‘বোনের হিজাব টানলি কেন?’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা তো নিয়মতান্ত্রিক আন্দোলন করছি, তাহলে কেন আমাদের পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে? কেন এই হামলা? পুলিশ আমাদের নারী শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে, লাঠিচার্জ করেছে।’
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, ‘কলেজ গেটের পরিস্থিতি ভালো রয়েছে। সেখানে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আন্দোলন করছেন। তারা রাস্তার দুই পাশে বসে স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন দাবি-দাওয়া পেশ করছেন। রাস্তার কোনো সমস্যা নেই, পরিস্থিতি মোটামুটি ভালো।
তিনি আরো বলেন, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের মাধ্যমে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা এ নিয়ে স্লোগান দিচ্ছেন। পুলিশ সেখানে গেলে পরিস্থিতি জটিল হতে পারে বলে তারা শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ওসি জানান, কলেজের অধ্যক্ষ এ বিষয়ে আগের দিনই ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছেন। রাতে পুলিশ তাকে উদ্ধার করে। তিনি অসুস্থ এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








