প্রাথমিক শিক্ষা অধিদফতর
প্রাথমিক শিক্ষা অধিদফতর। সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম শিগগিরই সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ লক্ষ্যে সারাদেশের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে উপজেলা ভিত্তিক খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক আইরিন পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে প্রতিটি উপজেলার খসড়া গ্রেডেশন তালিকা ওয়েবসাইটে আপলোডের তারিখ, আপলোডের পর ৩০ কর্মদিবস শেষে প্রাপ্ত অভিযোগের সংখ্যা এবং নিষ্পত্তি করা অভিযোগের সংখ্যা জানাতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়, অবশিষ্ট অভিযোগ আগামী সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি পূর্ণাঙ্গ গ্রেডেশন তালিকাসহ আনুষঙ্গিক কাগজপত্র বিভাগীয় উপপরিচালকদের মাধ্যমে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে।

সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শিগগিরই সম্পন্ন করার লক্ষ্যেই এ তথ্য চাওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। বাসস