বিজ্ঞান বিভাগ, এইচএসসি পরীক্ষা, শিক্ষার্থী
শিক্ষার্থীদের উচ্ছ্বাস। বাসস

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে সবচেয়ে বড় সাফল্য দেখিয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

Advertisement

তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। তবে গ্রুপভিত্তিক ফলাফলের সব বিভাগেই ছাত্রদের তুলনায় পাসের হারে বাজিমাত করেছে ছাত্রীরা।

আজ শনিবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গ্রুপভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে সার্বিক পাসের হার ৫১.৬২ শতাংশ হলেও বিজ্ঞান বিভাগে পাসের গড় হার সবচেয়ে বেশি ৭৩.১২ শতাংশ। এর বিপরীতে মানবিক বিভাগে গড় পাসের হার ৪২.১৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫০.৭৭ শতাংশ।

বিজ্ঞান বিভাগ
পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞান বিভাগে মোট দুই লাখ ৭৩ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মোট দুই লাখ ৭৪ জন। বিজ্ঞানে ছাত্রদের পাসের হার ৭১.৬০ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার ৭৪.৫৫ শতাংশ। বিজ্ঞানে ছাত্রীদের পাসের সাফল্য সামগ্রিক গ্রুপভিত্তিক ফলাফলের মধ্যে সর্বোচ্চ।

ব্যবসায় শিক্ষা বিভাগ
পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যবসায় শিক্ষা বিভাগে মোট এক লাখ ৬৭ হাজার ১৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮৪ হাজার ৮৬৪ জন। এই গ্রুপে গড় পাসের হার ৫০.৭৭ শতাংশ। এখানে ছাত্রদের পাসের হার ৪৫.৯৪ শতাংশের বিপরীতে ছাত্রীদের পাসের হার ৫৬.৫৮ শতাংশ।

মানবিক বিভাগ
পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেয়া মানবিক বিভাগে পাসের হার তুলনামূলকভাবে কম। মোট ছয় লাখ সাত হাজার ৭৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে দুই লাখ ৫৬ হাজার ৩১১ জন; পাসের গড় হার ৪২.১৭ শতাংশ। তবে এই বিভাগেও ছাত্রীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। মানবিকে ছাত্রদের পাসের হার মাত্র ৩৫.০১ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার ৪৭.৪৯ শতাংশ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব কেরামত আলীসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস