
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদমান রহমান নাবিল নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাদমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুর এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সাথে আড্ডা শেষে মোটরসাইকেল নিয়ে মদিনা মার্কেটের দিকে যাচ্ছিলেন সাদমান। পথে তপোবন আবাসিক এলাকার সামনে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা সাদমানের সহপাঠী ও ক্যাম্পাসের বড় ভাইদের ফোন করে খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল মুহিত বলেন, ‘শনিবার রাত ১টার দিকে সাদমানকে হাসপাতালে আনা হয়। তবে এর আগেই তার মৃত্যু হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত ছিল।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমানের বরাতে জানা গেছে, সাদমানের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লাশবাহী গাড়ির সাথে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন।
জালালাবাদ থানার ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন, ‘স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে ‘
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি জি এম রবিউল ইসলাম জানান, রোববার সকাল ৬টার দিকে লাশবাহী গাড়িটি সাদমানের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেয়। তার সাথে যাওয়া দুই শিক্ষার্থীর একজন সাদমানের সহপাঠী ও একই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








