
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন সেবার মান বৃদ্ধি করতে বাস ট্রাকিং অ্যাপস এবং ওয়েবসাইট তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের (সিএসই) ২৩ ব্যাচের চার শিক্ষার্থী। সফলভাবে উদ্ভাবনের পর বিশ্ববিদ্যালয়ের বাসে সফল ট্রায়ালও সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চার শিক্ষার্থী মাহমুদুল হাসান এবিন, আহনাফ আদিল সৌমিক, মহিউদ্দিন মেহেদী, ইনান আহমেদের উদ্যোগে এই সার্ভার ও অ্যাপস তৈরি করা হয়েছে। এর তত্ত্বাবধানে যুক্ত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল্লাহ আল মামুন এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক হাসানুল করিম রনি।
চার শিক্ষার্থীর দেয়া তথ্য থেকে জানা যায়, বাস কখন নির্দিষ্ট স্টপেজে পৌঁছাবে, বাসের লাইভ লোকেশন, বাসের বর্তমান গতি, এক স্টপেজ থেকে আরেক স্টপেজে পৌঁছানোর সময়, কোনো স্টপেজ থেকে কতক্ষণ পর আরেকটি বাস ছাড়বে, কোনো নির্দিষ্ট বাস চলছে নাকি বন্ধ আছে এসকল তথ্যসহ আরো তথ্য পাওয়া যাবে এই অ্যাপস থেকে। এছাড়াও প্রতি তিন থেকে পাঁচ সেকেন্ড পরপর বাসের গতি এবং অবস্থানও আপডেট হবে বলে জানান তারা।
এছাড়াও এআই প্রযুক্তি ব্যবহার করে বাসের যাত্রী গণনা এবং বাসে কতটা ভীর সেসব তথ্যও সংযুক্ত থাকবে বলে দাবি তাদের। সব সুবিধা যুক্ত করে সফলভাবে ক্যাম্পাসের বাসে ট্রায়াল সম্পন্ন করেছেন বলে জানান তারা। এখন প্রশাসনের অনুমতি পেলে এটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কাছে হস্তান্তরের পরিকল্পনা তাদের।
উদ্যোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী আহনাফ আদিল সৌমিক বলেন, ‘গত বছরের নভেম্বরের দিকে ‘লাল বাস’ দেখে ভাবলাম আমাদের হাবিপ্রবি ক্যাম্পাসের জন্যও এমন কিছু বানানো যায় কিনা। সেখান থেকেই শুরু, আর প্রায় এক বছর ধরে আমরা চারজন মিলে কাজ করে যাচ্ছি। মামুন স্যারের তত্ত্বাবধানে নিজেরাই বানিয়েছি কাস্টম ডিভাইস, ওয়েবসাইট আর অ্যাপস। অনেক জায়গায় গিয়েছি, অনেকবার চেষ্টা করেছি—তবুও থামিনি। আলহামদুলিল্লাহ, কয়েকবার বাসে ট্রায়াল দিয়ে দেখেছি, আমাদের সিস্টেম বাস্তবে কাজ করছে। এখন আমাদের একটাই ইচ্ছা এই কাজটা শুধু প্রজেক্ট হয়ে না থেকে হাবিপ্রবির জন্য সত্যিই কিছু করতে পারুক এবং একদিন পরিবহন সেক্টরে ইমপ্লিমেন্ট করা হোক।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








