
সমাবর্তনের সম্ভাব্য তারিখ নির্ধারণসহ বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ, নতুন বিভাগ চালু, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রপতির সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম, প্রো-ভিসি অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান।
সাক্ষাতে পাবিপ্রবির প্রথম সমাবর্তনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার ভিত্তিতে আগামী বছরের ১৫ অথবা ১৬ মার্চ সমাবর্তন আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর পাবিপ্রবিতে এবারই প্রথম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সমাবর্তনের অপেক্ষায় থাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ আয়োজন হতে যাচ্ছে। সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কাজ করছে।
সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের ভূমি সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ একর জায়গা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আরো ৪৫ একর ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয়তার কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন বিভাগ খোলার বিষয়েও আলোচনা করা হয়। বিশেষ করে বর্তমান ও ভবিষ্যৎ চাকরির বাজারে চাহিদা রয়েছে এমন বিভাগ চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। নতুন বিভাগ চালুর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং সময়ের চাহিদার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে সামঞ্জস্য করার বিষয়েও আলোচনা হয়েছে।
বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগও নেয়া হচ্ছে।








