
শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকারী নম্বরবিহীন পাঁচ হাজার ৮৫৭টি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে ইআইআইএন গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
রোববার (২০ সেপ্টেম্বর) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেয়া হয়।
আদেশে জানানো হয়, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) প্রতিবছর দেশের প্রাথমিকোত্তর স্তরের ইআইআইএনভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে শিক্ষাতথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে থাকে। এই শিক্ষা তথ্য প্রদানের জন্য ব্যানবেইস প্রদত্ত ইআইআইএন থাকা বাধ্যতামূলক।
ব্যানবেইস সম্প্রতি দেশের ইআইআইএন-বিহীন পাঁচ হাজার ৮৫৭টি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করেছে।
কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা পরিচালনাকারী সরকারি ও বেসরকারি যে সকল প্রতিষ্ঠান এখনো ইআইআইএন গ্রহণ করেনি, তাদেরকে অতিসত্বর ব্যানবেইসের ওয়েবসাইটে অনলাইনে ইআইআইএন গ্রহণপূর্বক শিক্ষা তথ্য প্রদান নিশ্চিত করতে হবে। বাসস







