
প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে নিউইয়র্কে বিএনপির নেতাকর্মীরা ব্যানার-পোস্টার লাগান। পরে সেগুলো আওয়ামী লীগের কে বা কারা ছিঁড়ে ফেলে। এ নিয়ে রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ইত্যাদি বাজারের সামনে এ ঘটনা ঘটে। তবে নিউইয়র্ক সিটির বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস। প্রতিদিন সেখানে স্থানীয় বাংলাদেশীদের প্রাণবন্ত আড্ডা জমে ওঠে। এরই মধ্যে দুই পক্ষের উত্তেজনার মধ্যে সেখানে কিছুটা ভীতিকর পরিস্থতির সৃষ্টি হয়।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে ৩৫ সদস্য সাথে নিয়ে তিনি নিউইয়র্কে আসছেন।
স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের। তাদেরকে স্বাগত জানাবেন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এবার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর স্মরণীয় করে রাখতে নিউইয়র্কের গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন ধরনের পোস্টার ও ব্যানার লাগিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তাছাড়া গত এক মাস ধরে বিভিন্ন রকম প্রস্তুতি সভা করেছেন।
অন্যদিকে তারেক রহমানের সফর ঠেকাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র প্রবাসী নেতাকর্মীরাও কর্মসূচি ঘোষণা করেন। এ নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে কদিন ধরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে রোববার বিকেলে জ্যাকসন হাইটসের ইত্যাদি বাজারের সামনে একটি ব্যানার ছিঁড়ে ফেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ। এমন খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল বের করেন। এতে নেতৃত্ব দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল চৌধুরী লিটনসহ কয়েকজন।
যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ-সভাপতি আতিকুল হক আহাদ জানান, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে দুই ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি স্লোগান চলে।
অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ, যুবলীগ নেতা মিজানসহ আরো অনেকে। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, জাতিসঙ্ঘের অধিবেশনে তারেক রহমানের ভাষণ দেয়ার সময় তারা বাইরে বিক্ষোভ প্রদর্শন করবেন।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে। সেজন্য আমার নেতৃত্বে নিউইয়র্ক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করি। অন্যদিকে আওয়ামী লীগও বিক্ষোভ করতে থাকে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউইয়র্ক সিটি পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
তিনি বলেন, ‘আমি পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো- শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করতে। কিন্তু তারা যদি গায়ের জোরে কোনো কিছু করার চেষ্টা করে তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।’







