
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মো: নাঈম খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ের জামাই ইমরান দাবি করেন, দুপুর সোয়া ১টার দিকে শিমলাই উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ির সামনের রাস্তায় নাঈম খানের ওপর প্রতিপক্ষের হোসেন, ইকবাল ও মায়াসহ আরো কয়েকজন লাঠিসোঁটা নিয়ে আমার শ্বশুরের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে আমার শ্বশুর মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় শ্বশুরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কিলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
রাস্তার জায়গা নিয়ে বিরোধ ছিল বলে জানান তিনি।
এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে নিহতের পরিবার।
নিহত নাঈম খান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমলাই উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








