হাসপাতাল
কুমিল্লার বরুড়ায় সেবা গ্রহণের মধ্য দিয়ে হাসপাতাল উদ্বোধন করেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন নয়া দিগন্ত

বাবার স্বপ্ন ছিল, এলাকার মানুষকে চিকিৎসার জন্য যেন দূরে যেতে না হয়। সেই স্বপ্ন পূরণে অপেক্ষা করতে হয়েছে ২২ বছর। বাবার মৃত্যুর ২২তম বার্ষিকীতে তার নামে নির্মিত ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন করেছেন ছেলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়িতে ‘এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল’ উদ্বোধন করেন মন্ত্রী। প্রায় ১০ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটির নামকরণ করা হয়েছে তার বাবা প্রয়াত সংসদ সদস্য এ কে এম আবু তাহেরের নামে।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, বাবার স্বপ্ন পূরণ করতে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এখানে নামমাত্র খরচে চিকিৎসাসেবা দেয়া হবে। আগামী তিন মাসের মধ্যে হাসপাতালটির পূর্ণাঙ্গ সেবা চালু হবে।

হাসপাতালের রেসিডেন্ট মেডিক্যাল অফিসার ফারজানা মাহফুজ বলেন, বর্তমানে সীমিত জনবল নিয়ে বহির্বিভাগের সেবা চালু রয়েছে। পূর্ণাঙ্গ সেবা চালু করতে আরো জনবল প্রয়োজন।

সরকারি তথ্য অনুযায়ী, হাসপাতালটিতে ইতোমধ্যে ১০ জন জনবল নিয়োগ পেয়েছেন। পূর্ণাঙ্গ সেবা চালুর জন্য ২৮টি পদের জনবল প্রয়োজন।

স্থানীয়রা জানান, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল দ্রুত নিয়োগ দেয়া হলে হাসপাতালটি বরুড়ার দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।