
চীনের তিব্বতে ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো বিপুলসংখ্যক লোক।
চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) চীনের তিব্বত অঞ্চলে ৭.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বত অঞ্চলের নাগচু শহর থেকে ১৮৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৩৩৯টি ঘর-বাড়ি ধসে পড়েছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে। ইতোমধ্যে উৎপত্তিস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
রাষ্ট্রীয় মাধ্যম সিসিটিভি নিশ্চিত করেছে যে ট্রেন পরিচালনাকারী কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত রেখেছে।
চীনা সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, চীন ভূমিকম্প প্রশাসন তাদের দ্বিতীয় সর্বোচ্চ স্তরের ‘লেভেল ২’ জরুরি অবস্থা জারি করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








