ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪ শীর্ষক গল্প লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান
ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪ শীর্ষক গল্প লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়া দিগন্ত

বাংলা সাহিত্য অঙ্গনের উদ্যোগে আয়োজিত ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪’ শীর্ষক গল্প লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলা সাহিত্য অঙ্গনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্য অঙ্গনের সম্মানিত উপদেষ্টা সাইদুল ইসলাম। বাংলা সাহিত্য অঙ্গনের কেন্দ্রীয় সদস্যসচিব জাকারিয়া আল হোসাইনের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম বলেন, চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখতে সাহিত্যচর্চাকে আরো বিস্তৃত করতে হবে। গল্প, উপন্যাস, কবিতা ও অন্যান্য সাহিত্যকর্মের মাধ্যমে এই ইতিহাস মানুষের হৃদয় ও জনপদে ছড়িয়ে দিতে হবে। বাংলা সাহিত্য অঙ্গনের এমন নান্দনিক উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য সাহিত্য সংগঠনের জন্য একটি অনুকরণীয় মাইলফলক হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

প্রতিযোগিতায় সারাদেশ থেকে নির্বাচিত ১০ জন লেখক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লেখকদের অভিনন্দন জানানো হয় এবং বাংলা সাহিত্যচর্চায় তরুণ প্রজন্মকে আরো বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, বাংলা সাহিত্য অঙ্গন দেশব্যাপী তরুণ লেখকদের সৃজনশীলতা বিকাশ, সাহিত্যচর্চায় উৎসাহ প্রদান এবং সমকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সাহিত্যে তুলে ধরার লক্ষ্যে নিয়মিত বিভিন্ন আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪’ শীর্ষক গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত লেখক ও সাহিত্যপ্রেমীরা বাংলা সাহিত্য অঙ্গনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি আলহাজ উদ্দিনের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।