যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) লোগো
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) লোগো। সংগৃহীত ছবি
ads

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের (ওডিএনআই) সাইবার নিরাপত্তাব্যবস্থায় হামলার ঘটনায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

ফাঁস হওয়া এসব তথ্য অবশ্য আন-ক্লাসিফায়েড ক্যাটাগরির। অর্থাৎ ফাঁস হওয়া এসব তথ্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শ্রেণীবিন্যাসের (যেমন গোপনীয়, অতি গোপনীয় বা অত্যন্ত গোপনীয়) মানদণ্ড পূরণ করে না।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি শনাক্ত হওয়া এই সাইবার হামলার লক্ষ্য ছিল একটি ওপেন সোর্স গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন উন্মুক্ত ও অশ্রেণিবদ্ধ তথ্য বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণা বের করা হয়।

যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ও এ বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ ঘটনায় গোপনীয় বা শ্রেণিবদ্ধ কোনো তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হয়নি।

ওডিএনআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস আরো জানিয়েছে, গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। 

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ওপর সাইবার হামলার খবর প্রকাশের কয়েক দিন পর নতুন এ প্রতিবেদন সামনে এলো। একই সময়ে দেশটির বিভিন্ন কম্পিউটার ব্যবস্থায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। 

শনিবার এফবিআইয়ের সাইবার নিরাপত্তা লঙ্ঘনের খবর সম্পর্কে জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বিষয়টি সম্পর্কে সম্প্রতি জানতে পেরেছেন।

ফক্স নিউজকে তিনি বলেন, ‘আমি শুধু এটুকু বলব, বিষয়টি ভালো নয়।’

এদিকে, ধারাবাহিক এসব সমস্যার কারণে সমালোচনা বাড়তে থাকায় গত সপ্তাহে হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তাবিষয়ক প্রধান শন কেয়ারনক্রসকে বরখাস্ত করা হয়েছে।

সূত্র : বাসস