যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে ভোটারদের ওপর চালানো জরিপের প্রথম দফার তথ্য বিশ্লেষণ করার পর একটি বিষয় স্পষ্টভাবে সামনে এসেছে।

Advertisement

প্রকৃত ভোটারদের নিয়ে পরিচালিত এই জাতীয় জরিপটি গত কয়েক মাসে প্রকাশিত বড় বড় জনমত জরিপে যে চিত্র দেখা গেছে, তার সাথে এখন পর্যন্ত বেশ ভালোভাবেই মিল রেখেছে।

ভোটারদের মনোভাব নেতিবাচক, বিশেষ করে অর্থনীতি নিয়ে। আর এটাই ভোটারদের চিন্তার শীর্ষে থাকা বিষয়। রাজনৈতিক দুর্নীতি নিয়েও উদ্বেগের মাত্রা বেশি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজের মূল্যায়নে সমর্থনের হার ৩৮ শতাংশ, আর নেতিবাচক মত ৬১ শতাংশ। অর্থাৎ তার জনপ্রিয়তার চিত্র স্পষ্টভাবে নেতিবাচক।

যদি ডেমোক্র্যাটরা আশঙ্কা করে থাকেন যে সাম্প্রতিক জরিপগুলো তাদের জন্য সম্ভাব্য ভালো ফলাফলের যে ইঙ্গিত দিচ্ছিল, তা বাস্তবতার সাথে অনেকটাই অমিল হতে পারে, তাহলে এই ফলাফল আপাতত তাদের কিছুটা স্বস্তি দিতে পারে।

ভোটারদের এই বড় জরিপ থেকে পাওয়া প্রথম দফার তথ্য থেকে যা জানা গেছে :
১. ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় হলো অর্থনীতি এবং গণতন্ত্রের অবস্থা।
২. অধিকাংশ ভোটার অর্থনীতির বর্তমান অবস্থা সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন এবং প্রায় দুই-তৃতীয়াংশ মনে করেন, ট্রাম্পের নীতিগুলো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতিকে আরো খারাপ করেছে।
৩. প্রতি ১০ জনের মধ্যে চারজনেরও বেশি বলেছেন, দুই বছর আগের তুলনায় তাদের পরিবারের আর্থিক অবস্থা এখন খারাপ। আর ১০ জনের মধ্যে ছয়জন বলেছেন, পেট্রোল ও খাদ্যের দাম নিয়ে তারা ‘খুবই উদ্বিগ্ন’।
৪. ১০ জনের মধ্যে ছয়জন আরো বলেছেন, মূল্যস্ফীতি বৃদ্ধির জন্য বাইরের কারণের চেয়ে ট্রাম্পের নীতিগুলোই বেশি দায়ী।

অন্যান্য বিষয়ে যা পাওয়া গেছে
১. ১০ জনের মধ্যে ছয়জন মনে করেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিষয়ে যুক্তরাষ্ট্র ‘ভুল সিদ্ধান্ত’ নিয়েছে। আলাদাভাবে চারজনের মধ্যে তিনজন বলেছেন, এ সংঘাত কংগ্রেস নির্বাচনে তাদের ভোট দেয়ার ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ’ বা ‘প্রধান’ প্রভাবক ছিল।
২. বিপুল সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ ৯০ শতাংশ, বলেছেন তাদের ভোট দেয়ার সিদ্ধান্তে সরকারি দুর্নীতি একটি গুরুত্বপূর্ণ বা প্রধান কারণ ছিল।
৩. ১০ জনের মধ্যে ছয়জন বলেছেন, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) যেভাবে তাদের দায়িত্ব পালন করছে, তা তারা সমর্থন করেন না।
৪. অধিকাংশ ভোটার আস্থা প্রকাশ করেছেন যে নির্বাচন সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালিত হচ্ছে।

এই তথ্যগুলো সংগ্রহ করেছে জরিপ সংস্থা এসএসআরএস, যারা যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো ভোটারের সাক্ষাৎকার নিয়েছে।

সূত্র : বিবিসি