
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের আসনগুলোর প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। একই সাথে উত্তর ক্যারোলাইনায় রিপাবলিকানদের দখলে থাকা একটি সিনেট আসনও ছিনিয়ে নিয়েছে দলটি। মঙ্গলবারের নির্বাচনে সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে হারিয়ে জয়ী হয়েছেন। এতে সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৪৩-এ।
তুরস্কের বার্তা সংস্থা আনদুলু বুধবার (৪ নভেম্বর) জানায়, বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা ১৫ মিনিট পর্যন্ত পাওয়া অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফল অনুযায়ী প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২৮টি এবং রিপাবলিকানরা ১৩টি আসনে জয় পেয়েছে। বাকি ৩৯৫টি আসনের ফল তখনো ঘোষণা করা হয়নি। প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসনে নির্বাচন হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসন পেতে হবে।
ওহাইও অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জয়েস বিটি, এমিলিয়া সাইকস ও শন্টেল ব্রাউনের জয় ঘোষণা করেছে এপি। ভার্জিনিয়ার ১০ নম্বর নির্বাচনী এলাকাতেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী সুহাস সুব্রামানিয়াম।
উত্তর ক্যারোলাইনায় রয় কুপারের জয় ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ারম্যান মাইকেল হোয়াটলিকে হারিয়ে তিনি আসনটি দখল করেন। বিদায়ী রিপাবলিকান সিনেটর থম টিলিসের আসনে নির্বাচন করেন তাঁরা।
এ ছাড়া ভার্জিনিয়ায় মার্ক ওয়ার্নার, জর্জিয়ায় জন অসফ, নিউ জার্সিতে কোরি বুকার, ডেলাওয়ারে ক্রিস কুনস, ম্যাসাচুসেটসে এড মার্কি এবং রোড আইল্যান্ডে জ্যাক রিড পুনর্নির্বাচিত হয়েছেন। ইলিনয়ে সিনেটের একটি উন্মুক্ত আসনে জয় পেয়েছেন অঙ্গরাজ্যটির লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন। নিউ হ্যাম্পশায়ারে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রতিনিধি ক্রিস পাপাস।
১০০ সদস্যের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে নির্বাচনে নেমেছে ডেমোক্র্যাটরা। নির্বাচনের আগে রিপাবলিকানদের আসন ছিল ৫৩টি। ডেমোক্র্যাটদের ছিল ৪৫টি। দুই স্বতন্ত্র সিনেটরও ডেমোক্র্যাটদের সাথে জোটবদ্ধ। সিনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ডেমোক্র্যাটদের নিট চারটি আসন বাড়াতে হবে। এখনো কয়েকটি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফল ঘোষণা বাকি। ফলে সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা এখনো নিশ্চিত নয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








