মার্কিন, মধ্যবর্তী নির্বাচন, ইতিহাস, কেইশা ল্যান্স বটমস
কেইশা ল্যান্স বটমস। আনদুলু

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে হারিয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বটমস। মঙ্গলবারের এ জয়ের মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়েছেন। একই সাথে জর্জিয়ার প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হওয়ার ইতিহাসও গড়েছেন তিনি।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনদুলু বুধবার (৪ নভেম্বর) জানায়, সাবেক আটলান্টা মেয়র ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা ছিলেন বটমস। তাঁর এই জয় ডেমোক্র্যাটদের জন্য বড় রাজনৈতিক সাফল্য। ১৯৯৮ সালের পর জর্জিয়ায় কোনো গভর্নর নির্বাচনে জয় পায়নি দলটি।

নির্বাচনে বটমসের প্রতিদ্বন্দ্বী রিক জ্যাকসন ছিলেন স্বাস্থ্যসেবা খাতের একজন ধনকুবের ব্যবসায়ী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তাঁকে পরাজিত করে অঙ্গরাজ্যটির বর্তমান রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হচ্ছেন বটমস। মেয়াদের সীমাবদ্ধতার কারণে কেম্প আর নির্বাচনে প্রার্থী হতে পারেননি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর দুই বছর পর অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের এই জয় রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্য বহন করছে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আটলান্টার মেয়র ছিলেন বটমস। নির্বাচনী প্রচারে তিনি মেডিকেইড কর্মসূচির আওতা বাড়ানো, আবাসন ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা এবং ট্রাম্প প্রশাসনের কয়েকটি নীতির বিরোধিতার প্রতিশ্রুতি দেন।