
যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ডেমোক্র্যাট নেতা কিশা ল্যান্স বোটমস।
অ্যাটলান্টার প্রাক্তন এই মেয়র তার ধনকুবের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে এই জয় ছিনিয়ে নেন। রিক জ্যাকসন জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটি (২০০ মিলিয়ন) ডলারেরও বেশি অর্থ খরচ করেছিলেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাবেক উপদেষ্টা বোটমসের এই জয়ে বিশেষ ভূমিকা রেখেছে অঙ্গরাজ্যটির উল্লেখযোগ্য সংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটারদের অংশগ্রহণ, যারা আগাম ভোটের সময় বিপুল সংখ্যায় কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন।
নির্বাচনী প্রচারণার সময় বোটমসকে রিপাবলিকানদের কঠোর সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। রিপাবলিকানরা তাঁর মেয়র থাকাকালীন সময়কে অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় শহরের অপরাধ বৃদ্ধি এবং অবনতির সময়কাল হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করেছিল।
এ বিষয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বোটমস বলেন, ’অ্যাটলান্টাকে একটি খারাপ বা ক্ষতিকর স্থান হিসেবে তুলে ধরা তাদের অনেক পুরোনো একটি কৌশল।’
বোটমসের এই বিজয়ের মাধ্যমে জর্জিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটরা টানা তৃতীয়বারের মতো কোনো কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিলেন। এর আগে ২০১৮ এবং ২০২২ সালের নির্বাচনে স্টেসি আব্রামস কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন। মেয়াদ শেষ হওয়ার কারণে টানা আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে পদ ছাড়ছেন ব্রায়ান কেম্প। সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








