
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৮ অক্টোবর) দাবি করেছেন, আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী মেরি পেলটোলা ও রিপাবলিকান দলের বর্তমান সিনেটর ড্যান সুলিভানের নামের সাথে মিল থাকা আরেক প্রার্থীকে ব্যালট থেকে বাদ দিতে হবে।
ভোটারদের বিভ্রান্ত করতে ডেমোক্র্যাটরা বেআইনি পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেন তিনি।
দ্য নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনের পর ট্রাম্প এ দাবি জানান।
ওই প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানকে পরাজিত করতে ডেমোক্র্যাট দলের নির্বাচনী কৌশল নির্ধারকেরা গোপনে এমন কয়েকজন প্রার্থীকে নির্বাচনে দাঁড় করানোর উদ্যোগ নিয়েছেন, যাদেরকে ‘স্পয়লার’ প্রার্থী বলা হয়। তাদের মধ্যে ড্যান সুলিভান নামের আরেকজনও রয়েছেন। উদ্দেশ্য হলো, বর্তমান সিনেটরের ভোট ভাগ করে দেয়া।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘এখনই জানা গেছে, আলাস্কার ডেমোক্র্যাটরা বেআইনিভাবে ড্যান সুলিভান নামের একজন ব্যক্তিকে খুঁজেছে এবং তাকে নির্বাচনে প্রার্থী হতে রাজি করিয়েছে।’
তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ফেডারেল আদালতে শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগ আনেন। একই সাথে দাবি করেন, বর্তমান সিনেটরকে মেরি পেলটোলা কিংবা ‘ভুয়া ড্যান সুলিভান’কে ব্যালট থেকে বাদ দিতে হবে।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে এটি সর্বোচ্চ পর্যায়ের ভোট জালিয়াতি।’
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সিনেটর সুলিভানও। আগামী ৩ নভেম্বরের নির্বাচনের মাত্র ছয় দিন আগে এ বিতর্ক পেলটোলার নির্বাচনী প্রচারে বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে।
ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে সুলিভান বলেন, ‘আমি যার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি, তিনি এক বছরেরও বেশি সময় ধরে আলাস্কার মানুষকে ধোঁকা দেয়ার পরিকল্পনা করেছেন। এটি এ অঙ্গরাজ্যের জনগণের প্রতি চরম অবজ্ঞার পরিচয়।’
তিনি আরো বলেন, ‘তিনি আলাস্কার মানুষের সাথে প্রতারণা করেছেন, তিনি মিথ্যা বলেছেন।’
দ্য নিউইয়র্ক টাইমস জানায়, প্রতিপক্ষের ভোট ভাগ করে দিতে প্রার্থী নিয়োগের এ কৌশল ‘ব্যালট স্ট্যাকিং’ নামে পরিচিত। সাধারণভাবে এটি আইনসম্মত এবং আলাস্কায় দুই দলই অতীতে এ কৌশল ব্যবহার করেছে।
এর সাম্প্রতিক উদাহরণ ২০২৪ সালের ঘটনা। সে বছর নিউইয়র্ক অঙ্গরাজ্যে কম ভোটারের উপস্থিতিতে ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির প্রাথমিক নির্বাচনে অপরিচিত সাবেক রিপাবলিকান প্রার্থী অ্যান্থনি ফ্রাসকোন ডেমোক্র্যাট প্রার্থী মন্দাইর জোনসকে পরাজিত করেন।
জোনসের নির্বাচনী প্রচারশিবির ও বামপন্থী ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টি অভিযোগ করে, ফ্রাসকোন রিপাবলিকান দলের হয়ে প্রতিপক্ষের ভোট ভাগ করার উদ্দেশে প্রার্থী হয়েছিলেন।
স্থানীয় ডেমোক্র্যাট নেতারা ও একদল ভোটার তাকে ব্যালট থেকে বাদ দেয়ার দাবিতে মামলা করেন। তবে ওয়েস্টচেস্টারের এক বিচারক তাকে নির্বাচনে রাখার সিদ্ধান্ত দেন।
আলাস্কার ঘটনাটি নিয়ে দ্য নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত হয়নি। ট্রাম্পের মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগের পক্ষেও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পেলটোলার নির্বাচনী প্রচারশিবির ও ডিএসসিসি কোনো প্রার্থীকে নির্বাচনে দাড় করানোর জন্য নিয়োগ দেয়ার অভিযোগ অস্বীকার করেছে।
এ ঘটনা প্রকাশ্যে আসার কয়েক দিন আগে ট্রাম্প বিচার বিভাগকে নির্দেশ দেন, ব্যালটে দ্বিতীয় ড্যান সুলিভানের নাম থাকার বিষয়ে আলাস্কার বিরুদ্ধে মামলা করতে।
মামলায় বলা হয়েছে, পেলটোলা যদি অল্প ভোটের ব্যবধানে বর্তমান সিনেটরকে পরাজিত করেন এবং তার নামের সাথে মিল থাকা প্রার্থীর পক্ষে দেয়া ভোট নির্বাচনের ফল পরিবর্তন করে দিতে পারে, তাহলে নির্বাচনের ফলের আনুষ্ঠানিক অনুমোদন স্থগিত রাখতে হবে।
গত জুনে আলাস্কার সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত শিক্ষক ড্যানিয়েল জে সুলিভানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার বহাল রাখেন।
তাকে ব্যালট থেকে বাদ দিতে রিপাবলিকানদের করা আবেদন আদালত খারিজ করে দেন।
এদিকে, বিচার বিভাগের মামলার কোনো আইনি ভিত্তি নেই যুক্তি দেখিয়ে সেটি খারিজ করার আবেদন জানিয়েছে আলাস্কা অঙ্গরাজ্য সরকার।
এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আবেদনটি এখন ফেডারেল বিচারকের বিবেচনাধীন রয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








