অধিকৃত পশ্চিম তীর, মার্কিন নাগরিকদের হত্যা,  তথ্য গোপন, ইসরাইল, মার্কিন দূতাবাস, সিনেটে প্রকাশ্য শুনানি,  তদন্ত, সিনেটর ক্রিস ভ্যান হলেন,
সিনেটর ক্রিস ভ্যান হলেন। সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে মার্কিন নাগরিকদের হত্যার ঘটনা নিয়ে তথ্য গোপন করার অভিযোগে ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাসের বিরুদ্ধে সিনেটে প্রকাশ্য শুনানি ও তদন্তের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হলেন।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু শনিবার (১০ অক্টোবর) জানায়, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ডেমোক্র্যাট সিনেটর ভ্যান হলেন বলেন, ‘ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের হত্যার তথ্য গোপন করছে।’

তিনি জানান, গত মার্চে তিনি এবং ৩০ জনের বেশি সহকর্মী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে ফিলাডেলফিয়ার ১৯ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান নাসরাল্লাহ আবু সিয়ামের হত্যার বিষয়টি তুলে ধরা হয়। গত চার বছরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী অথবা ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হাতে অধিকৃত পশ্চিম তীরে নিহত নবম মার্কিন নাগরিক তিনি।

ভ্যান হলেন অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে রক্ষা করতে রাষ্ট্রদূত হাকাবি ও তাঁর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসব তথ্য গোপন করছেন। তিনি বলেন, ‘আমি সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যানকে এ তথ্য গোপনের ঘটনা তদন্তে শুনানি আয়োজনের দাবি জানাচ্ছি।’ কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর জিম রিশ।

ভ্যান হলেন বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন পশ্চিম তীরে নিহত মার্কিন নাগরিকদের হত্যার ঘটনায় ‘ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে’। আর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন ‘ইসরাইল সরকারকে রক্ষা করতে তথ্য গোপন করছে’।

তিনি বলেন, ‘হত্যার শিকার মার্কিন নাগরিকদের পক্ষে আমরা যদি দাঁড়াতে না পারি, তাহলে পশ্চিম তীর কিংবা বিশ্বের অন্য কোথাও অন্যায় হত্যাকাণ্ডের শিকার কারো পক্ষেই দাঁড়াতে পারব না।’

বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমস মার্কিন কর্মকর্তা ও নথির বরাতে জানায়, রাষ্ট্রদূত হাকাবির জ্যেষ্ঠ উপদেষ্টা ডেভিড মিলস্টেইন ওই নয়টি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে দূতাবাসের একটি প্রতিবেদন প্রকাশে বাধা দিয়েছিলেন। তবে পত্রিকাটিকে হাকাবি বলেন, তিনি প্রতিবেদনটির অভিযোগগুলো ‘দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান’ করছেন।