দাবানল
কলম্বিয়ায় ছড়িয়ে পড়া দাবানল সংগৃহীত ছবি

কলম্বিয়ার মধ্যাঞ্চলের আন্দিজের জনপ্রিয় পর্যটন শহর ভিলা দে লেইভার কাছে রোববার (২০ সেপ্টেম্বর) একটি বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ঔপনিবেশিক স্থাপত্য ও পাথরে বাঁধানো রাস্তার জন্য পরিচিত আন্দিজের এ শহরের কেন্দ্রীয় চত্বর থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছিল। প্রতি বছর শহরটিতে ১০ লাখের বেশি পর্যটক আসেন।

স্থানীয় কর্মকর্তা হোসে কাস্ত্রো বার্তাসংস্থা এএফপিকে বলেন, এ পর্যন্ত প্রায় ২০০ হেক্টর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রোববার সকালে জানানো ক্ষয়ক্ষতির পরিমাণের তুলনায় এটি চার গুণেরও বেশি।

শনিবার কাছের একটি বনাঞ্চলে আগুন লাগার প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে প্রায় ২৫০ জন স্থানীয় দমকলকর্মী ও বাসিন্দা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন।

স্বেচ্ছাসেবকেরা দা ও গাছের ডাল ব্যবহার করে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা করেন। এ সময় একটি হেলিকপ্টার থেকে আগুনে পানি ছোড়া হয়।

গভর্নরের কার্যালয়ের দু’টি হেলিকপ্টার ও সামরিক বাহিনীর দু’টি হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। বোগোতার দমকলকর্মীরাও এতে অংশ নেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই আগুন নিয়ন্ত্রণে এবং বাসিন্দাদের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা রাষ্ট্রের সব ধরনের সম্পদ কাজে লাগাব।’

দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা রোববার বিকেলে এক বিবৃতিতে জানায়, আগুনের ৫০ শতাংশ ‘নিয়ন্ত্রণে’ এসেছে।

নিরক্ষরেখার কাছাকাছি আন্দিজ অঞ্চলে শুষ্ক মৌসুমে বনাঞ্চলে আগুন লাগা সাধারণ ঘটনা। তবে বর্তমানে বিরাজমান এল নিনো আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে খরা ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরো তীব্র হয়েছে।

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, কলম্বিয়ায় বর্তমানে প্রায় ১৮টি বনাঞ্চলে সক্রিয় দাবানল রয়েছে।

সূত্র : বাসস