ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প সংগৃহীত ছবি

ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে রাশিয়ার ওপর চাপ বাড়াতে নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়ে একটি বিলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহেই মার্কিন কংগ্রেসে বিলটি অনুমোদিত হওয়ার পর তিনি এতে স্বাক্ষর করেন।

নতুন আইনে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল পরিবহনে ব্যবহৃত তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের ট্যাঙ্কারগুলোকেও এর আওতায় আনা হয়েছে।

এছাড়া রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পকে দেয়া হয়েছে।

এর আওতায় চীন ও ভারতও পড়তে পারে। এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধ পরিচালনার জন্য মস্কোর যে রাজস্ব আয় হয়, তা কমানোর মার্কিন প্রচেষ্টা আরো জোরদার হবে।

রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদ বুধবার ২৬২-১৫৯ ভোটে বিলটি পাস করে।

নতুন আইনে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডে সহায়তাকারী কোম্পানি ও বিদেশী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ইরান-সংক্রান্ত কিছু নিষেধাজ্ঞাও আরো সম্প্রসারণ করা হবে।

তবে শুল্ক আরোপের ব্যাপক ক্ষমতা দেয়ার বিষয়টি ডেমোক্র্যাটদের মধ্যে অস্বাভাবিক বিভাজন তৈরি করেছে। দলটির বেশিভাগ সদস্য ইউক্রেনকে সমর্থন করলেও ট্রাম্পকে বাণিজ্যনীতিতে আরো বিস্তৃত ক্ষমতা দেয়ার বিষয়ে তারা আপত্তি জানিয়ে আসছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে বিলটি পাস হওয়াকে প্রতীকী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং মার্কিন আইনপ্রণেতাদের ধন্যবাদ জানান।

ভারত বৃহস্পতিবার জানিয়েছে, তারা ‘বহুমুখী উৎস থেকে’ তেল কেনা অব্যাহত রাখবে।

এদিকে, ট্রাম্পের এই বিলে স্বাক্ষরের সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এর মাত্র এক সপ্তাহ পর ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র : বাসস