
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে বাসের ধাক্কায় আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিমতলা এলাকায় হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাওয়া থেকে ঢাকাগামী এভারেস্ট পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আটজন যাত্রী আহত হন। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘বেপরোয়া গতির কারণে বাসটি সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি থানা হেফাজতে রয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








