
মালয়েশিয়ার সাইবার জায়ায় নিজ বাড়ির পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: আইমান ফেরদাউস বিন মেহেদী (১৬) নামের এক বাংলাদেশী বংশোদ্ভূত মালয়েশিয়ান কিশোর মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টিভেজা রাস্তায় বাইকের নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
যেভাবে ঘটে দুর্ঘটনা
রাজ্যের সাইবার জায়ায় জালান রেসিডেন্সি অরোরায় বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। সেখানে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান আইমান ফেরদাউস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারিবারিক পরিচয়
নিহত মো: ফেরদাউস বিন মেহেদী মালয়েশিয়ান নাগরিক। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পেন্নাম গ্রামের বাসিন্দা হাজী মো: মেহেদী হোসেন শওকত ও মালয়েশিয়ান নাগরিক রাশিদা বিনতি আবদুল আজিজ দম্পতির ছেলে। ফেরদাউসের বাবা শওকত হোসেন রাজধানী কুয়ালালামপুরের জালান কেলাং লামার একজন সুপরিচিত ব্যবসায়ী।
জানাজা ও দাফন সম্পন্ন
শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুম্মা মসজিদ সাইবার জায়া ছেপুলু প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্য ও মালয়েশিয়ান নাগরিকরা অংশ নেন। জানাজা শেষে স্থানীয় সাইবার জায়া কবরস্থানে ফেরদাউসের লাশ দাফন করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








