প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, রেজল্যুশন কার্যক্রম শুরু

প্রতিষ্ঠান চারটি হলো—আভিভা ফাইন্যান্স লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

বিশেষ সংবাদদাতা

আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত, আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতের প্রতি আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে রেজল্যুশনের আওতায় এনে প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ৯ আগস্টের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠান চারটি হলো—আভিভা ফাইন্যান্স লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও পুনরুদ্ধারের সম্ভাবনা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় অঙ্কের মূলধন ঘাটতি, উচ্চমাত্রার শ্রেণিকৃত ঋণ বা বিনিয়োগ, তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয়ক্ষমতার অবনতি এবং আমানতকারী ও পাওনাদারের দায় পরিশোধে অক্ষমতাকে এ সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

BB-9-8-----

অফিস আদেশ অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর প্রশাসন, ব্যবস্থাপনা ও রেজল্যুশন কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসক ও সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশন বিভাগের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

যারা দায়িত্ব পেলেন : আভিভা ফাইন্যান্স লিমিটেডের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগের-১১-এর পরিচালক মো. আলাউদ্দীন হোসেন। সহযোগী প্রশাসক হিসেবে রয়েছেন বহুমুখী কোম্পানি রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগের অতিরিক্ত পরিচালক এ. কে. এম. গোলাম বহলুল এবং এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মাহবুবুর রহমান।

এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রশাসক করা হয়েছে ব্যাংক সুপারভিশন বিভাগের-২-এর পরিচালক আবু সামা মো. আতাউর রহমানকে। সহযোগী প্রশাসক হিসেবে রয়েছেন ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক রোকসানা আক্তার এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নুল আবেদীন বশির।

ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক সুপারভিশন বিভাগের-১০-এর পরিচালক মো. সাদেকুর রহমান। সহযোগী প্রশাসক হিসেবে রয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক সাদরিল আহমেদ এবং এসএমইডিপি-২ প্রকল্পের জন্য গঠিত প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে প্রেষণে থাকা অতিরিক্ত পরিচালক মো. আল আমিন।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন। সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সচিব বিভাগের অতিরিক্ত পরিচালক ফরিদ উদ্দিন আহমাদ এবং ব্যাংক সুপারভিশন বিভাগের-৫-এর অতিরিক্ত পরিচালক জহিরুল ইসলাম ভূঁঞা ।

অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশন বিভাগের সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করবেন। দায়িত্ব গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ বিভাগ, একাডেমি বা ইউনিট থেকে অবমুক্ত হয়ে দায়িত্ব পালনের নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম ও দুর্বলতা মোকাবিলা, আমানতকারী ও পাওনাদারদের স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পথ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।