আগুন, ক্ষয়ক্ষতি, কারখানা, গোডাউন
আগুন। নয়া দিগন্ত

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় একটি কারখানার গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। 

Advertisement

শনিবার সকাল সোয়া ১০টার দিকে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে এই ঘটনার সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: সাইফুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ কারখানার ওই গোডাউনে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। গোডাউনে মজুদ থাকা বিভিন্ন দাহ্য পদার্থ ও কাঁচামালের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আগুনের লেলিহান শিখা ও প্রচণ্ড কালো ধোঁয়ায় কারখানাটির আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুল আলম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাশিমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরো কয়েকটি ইউনিট যোগ দেয়।

বর্তমানে মোট নয়টি ইউনিট আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্লান্ট বা আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্কতা ও গুরুত্ব দিয়ে ফায়ার ফাইটাররা কাজ করছেন।’

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।