রিজভী

ফ্যাসিবাদ প্রতিরোধ ও নতুন প্রজন্ম গঠনে কাজী নজরুলের প্রাসঙ্গিকতা অপরিসীম

​ডেনিশ রূপকথার প্রখ্যাত সাহিত্যিক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের উক্তি স্মরণ করে রিজভী বলেন, শিশুদের অন্তরের গভীরের ভাব উপলব্ধি করার এক অসাধারণ ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা ছিল নজরুলের।

অনলাইন প্রতিবেদক
কথা বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
কথা বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে আজও ফ্যাসিবাদের জন্ম হয়, ফ্যাসিবাদ নিষ্ঠুরতা প্রদর্শন করে এবং নিজ দেশের মানুষের রক্ত ঝরিয়ে গুম-হত্যার মতো অন্যায় সৃষ্টি করে। আর এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে ও সমাজকে মুক্ত করতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজও অত্যন্ত প্রাসঙ্গিক। ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠন এবং অন্যায়ের তীব্র প্রতিবাদে নজরুলের সৃষ্টি আমাদের প্রতিনিয়ত শক্তি জোগায়।

মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় নজরুল বর্ষ উপলক্ষে শিশু-কিশোর শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

​রিজভী বলেন, সাধারণ রাজনীতিবিদ হওয়ার চেয়ে রাষ্ট্রনায়ক হওয়ার পথ অনেকটাই ভিন্ন ও কঠিন। একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক সমাজের প্রতিটি স্তরের সুযোগ-সুবিধা ও শিশু-কিশোরদের এগিয়ে যাওয়ার পথ সুগম করতে কার্যকর ব্যবস্থা নেন। স্বাধীনতার তূর্যবাদক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এমনই এক রাষ্ট্রনায়ক, যিনি দেশের দায়িত্ব গ্রহণের পর শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে বিটিভিতে অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ চালু করেছিলেন। এ ছাড়া কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির অভিধায় অভিষিক্ত করা এবং রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার মতো যুগান্তকারী ও যথার্থ সিদ্ধান্ত তিনিই গ্রহণ করেছিলেন।

​বিএনপির এই মুখপাত্র বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তার পিতার সেই উদ্যোগকে আত্মস্থ করে এ বছর ঘোষিত ‘নজরুল বর্ষে’ শিশুদের শারীরিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে নতুন পদক্ষেপ নিয়েছেন। শুধু সাংস্কৃতিক অঙ্গনেই নয়, দেশের জেলায় জেলায় শিশুদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে এবার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র সূচনা করা হয়েছে।

​ডেনিশ রূপকথার প্রখ্যাত সাহিত্যিক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের উক্তি স্মরণ করে রিজভী বলেন, শিশুদের অন্তরের গভীরের ভাব উপলব্ধি করার এক অসাধারণ ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা ছিল নজরুলের। যদিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে অনন্য উচ্চতায় আসীন, তবে শিশুদের জন্য প্রাণস্পর্শী ও অনুভূতিভিত্তিক রচনার ক্ষেত্রে নজরুল নজরকাড়া অবদান রেখেছেন। ‘প্রজাপতি প্রজাপতি’, ‘খাদু দাদু’, ‘কাঠবিড়ালি’র মতো সৃষ্টি কিংবা ‘সংকল্প’ কবিতার মধ্য দিয়ে তিনি ১০০ বছর আগেই শিশুদের বিজ্ঞানমনস্ক ও যুক্তিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন আহমেদ স্টালিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।