স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা

ডিএমপিসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদককারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানকে ঢামেকে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানকে ঢামেকে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ |ইন্টারনেট

চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদককারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আজ শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা: মো: আসাদুর রহমানকে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, ডিএমপিসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদককারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, শিগগির তাদের আইনের আওতায় আনতে না পারলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেয়া হয়নি। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো জোরদার করা হবে।

চাঁদাবাজির সাথে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমেদ বলেন, চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। তাদের সাথে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেই সদস্যদেরও তালিকাভুক্ত করা হবে। জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।