ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম শনিবার উদ্বোধন

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বার্তায় আরো জানানো হয়, একইদিন খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে।

নয়া দিগন্ত অনলাইন

ঈদুল ফিতরের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিচ্ছে সরকার। আগামীকাল শনিবার (১৪ মার্চ) ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বার্তায় আরো জানানো হয়, একইদিন খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে।

গত ৮ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জানিয়েছিলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা দেয়া হবে। অন্যান্য ধর্মের যাজক, পুরোহিত, বিহার অধ্যক্ষদের জন্যও ভাতা প্রদান করা হবে।

প্রতিটি মসজিদে মাসিক ভাতা ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা পাবেন। প্রতিটি মন্দির ও বৌদ্ধ বিহারের জন্য ৮ হাজার টাকা দেয়া হবে।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা জানিয়েছেন, প্রতি চার্চের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে পালক/যাজক ৫ হাজার এবং সহকারী পালক/যাজক ৩ হাজার টাকা পাবেন।