সাংবাদিক নির্যাতন
গ্রেফতার আব্দুল আহাদ ও তার স্ত্রী মিনারা বেগম। নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘দৈনিক সংবাদ’-এর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল মোতালিব ভূঁইয়াকে নির্যাতনকারী, হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখমের ঘটনার মূল হোতা মাদক সম্রাট খ্যাত আব্দুল আহাদ ও তার স্ত্রী মিনারা বেগম দম্পতিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) দুপুরে দোয়ারাবাজার থানা পুলিশের নিরাপত্তায় তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।

এর আগে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে সাংবাদিক এম আব্দুল মোতালিব ভূঁইয়ার অফিস কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টায় কুপিয়ে গুরুতর আহত করে মাদক ও চোরাচালান সম্রাট হিসেবে পরিচিত একাধিক মামলার আসামি আব্দুল আহাদ ও তার সহযোগীরা। পরে তাকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে রশি দিয়ে ঘটনাস্থলে বেঁধে রাখে ও পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

এই ঘটনায় আহত সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়াকে উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে, অভিযুক্ত আব্দুল আহাদসহ হামলায় জড়িত সকলের উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবিতে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করেছে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব। এসময় জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।