লক্ষ্মীপুরে আবু তালেব নামে এক ব্যবসায়ীর ২৩ শতাংশ জমি থেকে প্রায় চার লাখ টাকার মাটি কেটে নেয়ার অভিযোগ গিয়াস উদ্দিন নামে এক বিএনপির নেতার বিরুদ্ধে।
রোববার (১৫ মার্চ) দুপুরে মাটি ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী আবু তালেব।
ভুক্তভোগী আবু তালেব সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও স্থানীয় বাসিন্দা। অভিযুক্ত গিয়াস একই উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও একই ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে আবু তালেব বলেন, ‘প্রায় চার বছর আগে আমরা গিয়াসের বাড়ির পাশে ২৩ শতাংশ জমি ক্রয় করি। এখন সেখানে বাড়িঘর করার পরিকল্পনা করেছি। এরমধ্যে গিয়াস আমার কাছে এক লাখ টাকা চাঁদা চেয়েছে। তাকে ঈদের পর ৫০ হাজার টাকা দিবো বলেছিলাম। কিন্তু তিনি রাতের অন্ধকারে আমার জমি থেকে ভেক্যু দিয়ে প্রায় চার ফুট গর্ত করে মাটি কেটে নিয়ে গেছে। এতে আমার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।’
মাটি লুটের খবর পেয়ে রাতে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে পুলিশ এলে গিয়াস উদ্দিন পালিয়ে যান। পরে পুলিশ চলে গেলে গিয়াস উদ্দিন আবার মাটি নিয়ে যান বলেও জানান ভুক্তভোগী ব্যবসায়ী।
তিনি আরো বলেন, ‘আমি মাটি ফেরত চাই। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের বিষয়টি জানিয়েছি। তাদের দাবি তিনি কারো কথা শোনেন না। এজন্য আমি পানিসম্পদ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
এ ব্যাপারে বক্তব্য জানতে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের মোবাইলফোনে কল করলে তার সহধর্মিণী পরিচয়ে এক নারী কল ধরেন। গিয়াস বাসায় না থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে জানায়নি।’


