মাদক সেবনে বাধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ঘাতক ব্যবসায়ী আটক

শহীদ ওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌরিপুর এলাকার বাসিন্দা বরকত শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন ও ব্যবসা করে আসছিলেন। এই মাদক সেবনে তাকে বাধা দিয়েছিলেন প্রতিবেশী সমশের শেখ।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari Sadar
আটক বরকত শেখ
আটক বরকত শেখ |নয়া দিগন্ত

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুরে মাদক সেবনে বাধা দেয়ায় মাদক ব্যবসায়ী বরকত শেখের লাঠির আঘাতে মো: সমশের আলী শেখ (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বরকত শেখকে আটক করে পুলিশ।

নিহত সমশের শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের শেখ মরহুম সোবাহান শেখের ছেলে। অভিযুক্ত বরকত শেখও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ ওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌরিপুর এলাকার বাসিন্দা বরকত শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন ও ব্যবসা করে আসছিলেন। এই মাদক সেবনে তাকে বাধা দিয়েছিলেন প্রতিবেশী সমশের শেখ।

সাহরি শেষে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে সমশের শেখ দেখেন, বরকত শেখ তার ছেলের বউয়ের ঘরের দরজা ও বেড়া ভাঙচুরের চেষ্টা করছেন। এতে বাধা দিলে বরকত লাঠি দিয়ে সমশের শেখকে মারধর করেন এবং বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত বরকত শেখকে আটক করা হয়েছে। নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।