
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন বাসটির সুপারভাইজার রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) ও বাসচালকের সহকারী চঞ্চল (৩২)।
আহতরা হলেন চুয়াডাঙ্গা দামুড়হুদার শাহিন আক্তার (৩২), হৃদয় (৩০), চুয়াডাঙ্গা জীবননগরের নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম (৪০), হাসিব (২২), মেহেরপুর মুজিবনগরের গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), ঝিনাইদহ মহেশপুরের অনিফিন (১৭), তিশা (২৪), চুয়াডাঙ্গা কাপাসডাঙ্গার সন্দীপন বসু (৪০), বোরহান উদ্দিন (৫৫), মাগুরা সদরের রায়হান (২১) ও ঢাকা আফতাবনগরের ইকরাম (৪০)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা দর্শনা পরিবহনের একটি ঢাকাগামী বাস একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
তিনি আরো জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একপর্যায়ে উদ্ধারকারী দল ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি সোহেল রানা নয়া দিগন্তকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দর্শনা পরিবহনের একটি ঢাকাগামী বাস একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের অল্প পানিতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটির সুপারভাইজার ও হেলপারসহ মোট তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের সদস্যরা। বাসটি রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








