সৌম্য সরকার টেস্ট দল থেকে বাদ, হাবিবুল বাশার, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ, বাংলাদেশের টেস্ট স্কোয়াড, তৃতীয় ওপেনার নির্বাচন, প্রথম শ্রেণির ক্রিকেট, খালেদ আহমেদ, দক্ষিণ আফ্রিকা সফর
হাসান মাহমুদ ও হাবিবুল বাশার সুমন। সংগৃহীত

টেস্ট দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। তবে শুধু সৌম্যকে বাদ দেয়াই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াডে তানজিদ হাসান ও সাদমান ইসলাম ছাড়া আর কোনো ওপেনারকেই রাখেনি বাংলাদেশ। যা নিয়ে প্রশ্ন উঠেছিল ক্রিকেট পাড়ায়।

Advertisement

তবে এবার এর কারণ পরিষ্কার করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। জানান একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম, তাই তৃতীয় ওপেনার হিসেবে বিবেচনায় থাকা ক্রিকেটারদের জাতীয় দলের বাইরে রেখে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে দিতেই এমন সিদ্ধান্ত।

অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকলেও কোনো ম্যাচে একাদশে সুযোগ পাননি সৌম্য। এরপর এ মাসে আফগানিস্তানের বিপক্ষেও দলে ছিলেন, কিন্তু একাদশে জায়গা হয়নি। সব মিলিয়ে পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেও ম্যাচ না খেলেই বাদ পড়েছেন তিনি।

সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে অবশ্য সৌম্যর ব্যাট ভালো যায়নি। দুই ওয়ানডেতে তার রান ছিল যথাক্রমে ৯ ও ০। এরপর তাকে নিয়ে সমালোচনাও হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দল থেকে বাদ পড়ার সাথে সেই পারফরম্যান্সের সরাসরি সম্পর্ক নেই বলে জানিয়েছেন হাবিবুল বাশার।

শুক্রবার (২৩ অক্টোবর) বসুন্ধরায় সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান নির্বাচক বলেন, ‘বাদ পড়ার বড় কারণ এখন প্রথম শ্রেণির ক্রিকেট চলছে। আমাদের জাতীয় দলের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আমাদের যে ওপেনিং জুটি আছে, তারাই হয়তো খেলবে। আমরা চাই, সৌম্য প্রথম শ্রেণির ম্যাচটা খেলুক।’

তানজিদ ও সাদমানের বাইরে তৃতীয় ওপেনার হিসেবে যাদের বিবেচনা করা হচ্ছে, তাদের সবাইকে এখন প্রথম শ্রেণির ক্রিকেটে দেখতে চান নির্বাচকেরা।

হাবিবুল বাশার জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণার সময় তৃতীয় ওপেনার হিসেবে কাউকে নেয়ার সিদ্ধান্ত হবে।’

তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা দল দেবো, সেখানে তৃতীয় ওপেনার হিসেবে কেউ না কেউ যাবেন। সেটা কে হয়, তা আমরা পরে সিদ্ধান্ত নেবো। কিন্তু এই মুহূর্তে আমরা চাই, যাদের তৃতীয় ওপেনার হিসেবে বিবেচনা করছি, তারা সবাই প্রথম শ্রেণির ম্যাচটা খেলুক। এজন্য এখানে কাউকে রাখা হয়নি।’

সৌম্যর সাথে আফগানিস্তান সিরিজের দলে থাকা পেসার খালেদ আহমেদও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই। কাউন্টি ক্রিকেটে ভালো পারফর্ম করে ফিরলেও আফগানিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ পাননি খালেদ।

এবার তাকেও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার সুযোগ করে দিতে চায় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা। হাবিবুল বাশারের ব্যাখ্যা, এই মুহূর্তে পেস আক্রমণে ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদকে বিবেচনায় রাখা হচ্ছে। এর সাথে তাসকিন আহমেদও ফিরেছেন।

ফলে খালেদের একাদশে ঢোকার সম্ভাবনা কম। তবে দক্ষিণ আফ্রিকা সফর কিংবা পরের টেস্টে আবারো স্কোয়াডে ফিরতে পারেন তিনি।

প্রধান নির্বাচক বলেন ‘এই মুহূর্তে তো আমাদের টপ থ্রি ইবাদত, শরীফুল, হাসানকে বিবেচনা করছি, তাসকিন ফিরেছে। খালেদের আসলে একাদশে ঢোকার সুযোগ কম; কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকা যখন যাবো, এমনকি পরের টেস্টেই হয়তো খালেদ স্কোয়াডে ফিরতে পারে। আমরা প্রথম শ্রেণির ক্রিকেটে খেলাটাকেই গুরুত্ব দিচ্ছি।’