কুমিল্লার বুড়িচংয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি ও কর্মীদের উপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে। এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে দলীয় প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বাংলাদেশ জাতীতাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজারে আয়োজিত এক পথসভায় বক্তৃতা দেয়ার সময় তিনি এ অভিযোগ করেন।
ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, ‘বিকেল ৩টার দিকে ষোলনল ইউনিয়নের ইছাপুরা কেন্দ্রীয় মসজিদের সামনে পূর্বঘোষিত নির্বাচনী প্রচার ও জনসভা শুরুর আগেই বিএনপির কিছুসংখ্যক নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে তাদের প্রচারে বাধা সৃষ্টি করে। এ সময় এবি পার্টির নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টাও চালায় তারা।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এবি পার্টির প্রার্থী বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে একটি বড় দলের নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। তারা এখনই তাণ্ডব শুরু করেছে।’
তিনি বলেন, ‘আগামী ১২ তারিখ কুমিল্লা-৫ আসনের জনগণ ভোটের মাধ্যমের উপযুক্ত জবাব দেবে। ভোটের মাধ্যমে এ দেশের মানুষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে।’
তিনি আরো বলেন, ‘প্রশাসন যদি এখনই কঠোর ভূমিকা না নেয় এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, তাহলে দেশ আবারো একটি গণ-আন্দোলনের দিকে এগিয়ে যেতে পারে।’
পথসভায় এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহাম্মদ সামদানী, জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



