
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কিন্তু দুঃখজনক হলো, সম্প্রতি ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতের সুনাম ক্ষুণ্ন করতে—‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করেছেন’—মর্মে বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, যিনি বা যারা সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে অসত্য তথ্য দিয়ে সংবাদ ছড়িয়েছেন এবং তা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে প্রকাশ করা। আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি, অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে জাতির কাছে বিতর্কিত করার হীন ও নোংরা প্রয়াস সফল হবে না। যিনি বা যারা এমন অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ রয়েছে।
তিনি আরো বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের গণমাধ্যমগুলোকে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও তথ্যের সঠিকতা যাচাইপূর্বক প্রমাণ সাপেক্ষে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি। একইসাথে মিথ্যা প্রচারণা ও প্রোপাগান্ডার বিষয়ে নাগরিকদের সতর্ক থেকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








