
আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সুদূর চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁওয়ে এসে প্রার্থী হয়ে নির্বাচন করছেন মাওলানা আবদুল আলীম নিজামী। রাজনৈতিক দল খেলাফত আন্দোলনের ব্যানারে বটগাছ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন তিনি।
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার সরল গ্রামের বাসিন্দা মাওলানা আবদুল আলীম নিজামীর জন্ম ১৯৬৩ সালে। হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদিস, নাজিরহাট আলিয়া মাদরাসা থেকে কামিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন বলে জানান তিনি।
কেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন?—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমি দীর্ঘদিন যাবৎ আট দফা দাবি নিয়ে কাজ করছি। এর মধ্যে আমার প্রথম দাবি হলো, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননা বন্ধে সংসদে কঠোর আইন করা। যেহেতু আমি একজন মুসলিম, তাই এটা আমার ঈমানি দায়িত্ব বলে মনে করি।
এ ছাড়া আমার অন্যান্য দাবিগুলো হলো: সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা, প্রতি উপজেলায় মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা, জাকাতভিত্তিক অর্থনীতি চালু করা, প্রবাসীদের সমস্যা সমাধান করা, অনলাইনসহ সকল প্রকার জুয়া বন্ধকরণ এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষা চালু করা।’
যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার লড়াই হয়, তাই তিনি ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জানান আবদুল আলীম নিজামী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








