অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের

গত দুই মাস আগে রোগটি ধরা পড়লেও সামর্থ না থাকায় চিকিৎসার অভাবে হতাশায় পড়েছেন হতদরিদ্র জাকিরুল ও তার পরিবারের লোকজন। ফলে জীবন বাঁচাতে চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন জাকিরুলের পরিবার।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Naogaon
ক্যান্সার আক্রান্ত জাকিরুল
ক্যান্সার আক্রান্ত জাকিরুল |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে অর্থাভাবে সু-চিকিৎসা করাতে পারছেন না লিভার ক্যান্সারে আক্রান্ত জাকিরুল ইসলাম (৩২)।

গত দুই মাস আগে রোগটি ধরা পড়লেও সামর্থ না থাকায় চিকিৎসার অভাবে হতাশায় পড়েছেন হতদরিদ্র জাকিরুল ও তার পরিবারের লোকজন। ফলে জীবন বাঁচাতে চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন জাকিরুলের পরিবার।

জাকিরুল নওগাঁর রাণীনগর উপজেলার করজগ্রাম মল্লিক পাড়া গ্রামের হাট ঝাড়ুদার আনিছুর রহমানের ছেলে।

জাকিরুলের বোন আঞ্জুমান আরা জানান, পিতা আনিছুর রহমান এবং ভাই জাকিরুল ইসলাম উপজেলার আবাদপুকুর হাট ঝাড়ুদারের কাজে নিয়োজিত রয়েছেন। সেখানে বেতন ভাতা না থাকলেও দোকানদারদের নিকট থেকে তোলা তুলে যে পরিমাণ শওদা বা জিনিসপত্র পান তা বিক্রি করে কোনো রকমে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। বাড়িতে মাত্র দুই শতক মাথা গোঁজার ঠাই ছাড়া তাদের আর কোনো অর্থ-সম্পদ নেই। এমতবস্থায় শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে গত দুই মাস আগে রাজশাহী গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করে লিভার ক্যান্সার সনাক্ত হয়।

এরপর বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আবারো পরীক্ষা-নিরিক্ষা করে একই রোগ ধরা পড়ে। কিন্তু টাকার অভাবে দেশের কিম্বা দেশের বাহিরে গিয়ে চিকিৎসা করাতে পারছেন না।

বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লিভার বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা: এ এস এম সাদেকুল ইসলামের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

জাকিরুলের বড় বোন আঞ্জুমান আরা চিকিৎসকের বরাদ দিয়ে বলেন, ‘এই রোগের সু-চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন এবং খুব দ্রুত সময়ের মধ্যে দেশের বাহিরে নিয়ে চিকিৎসা করাতে পারলে হয়তো একটি প্রান বেঁচে যেতে পারে। কিন্তু সার্মথ না থাকায় কোনো রকমে বগুড়াতেই চিকিৎসা করতে হচ্ছে। সেখানে ওষুধ কিনাসহ প্রতি সপ্তাহে প্রায় সাড়ে দশ হাজার টাকা লাগে। পরিবার এবং আত্মীয় সজনদের সহযোগিতায় কয়েক সপ্তাহ ধরে ওষুধ কিনে খাওয়ালেও বর্তমানে টাকা না থাকায় চিকিৎসার অভাবে চোখের সামনেই ধীরে ধীরে একটি প্রাণ নি:শেষ হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা এক ভাই তিন বোন। ভাই জাকিরুল আমাদের সবার ছোট।’

স্নেহের ছোট ভাইকে বাঁচাতে বুক ফাটা আর্তনাদ নিয়ে চিকিৎসার জন্য দেশ এবং দেশের বাহিরের সবার কাছে সামর্থ অনুযায়ী আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন আঞ্জুমান।

সহযোগিতা পাঠাতে বিকাশ নাম্বার-০১৭৭৫২৩৫৮৮৯ (জাকিরুল) এবং এজেন্ট ব্যাংক, ইসলামী ব্যাংক আবাদপুকুর হাট, একাউন্ট হোল্ডার-MST ANZUMAN, হিসাব নং-২০৫০৭৭৭০২৬১০৭৯৬০০