ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলা সদর থেকে আড়াই কিলোমিটার দক্ষিণ-পূর্বে পাশাপাশি একই আদলে নির্মিত তিনটি মসজিদ। প্রথমটি বড়, এরপরটি তার চেয়ে একটু ছোট এবং তৃতীয়টি আরো ছোট। সারিবদ্ধ এমন তিনটি দৃষ্টিনন্দন মসজিদ যে কাউকে কৌতূহলোদ্দীপক করে। এর নাম খানবাড়ি মসজিদ কমপ্লেক্স।
খানবাড়ি মসজিদ কমপ্লেক্সটি আসমত আলী খাঁনের বাড়ির সামনে অবস্থিত। স্থানীয় প্রবীণ ব্যক্তিদের ভাষ্যমতে, এই ঐতিহাসিক মসজিদ কমপ্লেক্সটির নির্মাতা আসর খাঁ ও কিশোর খাঁ নামে দুই ভাই। তারা আসমত আলী খাঁনের পূর্ব পুরুষ। আঠারো শতকের প্রথম দিকে আসর খাঁ ও কিশোর খাঁ ইসলাম প্রচারের জন্য ঝালকাঠির রাজাপুরে আসেন। কিশোর খাঁ পরে এই এক গম্বুজবিশিষ্ট মসজিদ নির্মাণের উদ্যোগ নেন।
ছোট বড় তিনটি মসজিদই এক গম্বুজ বিশিষ্ট। মসজিদগুলো একই স্থাপত্য নকশায় তৈরি। তিনটি মসজিদেরই চার কোণে চারটি মিনার আছে। গম্বুজের ওপরে রয়েছে অলংকৃত শীর্ষচূড়া। বাইরের দেয়ালগুলো বিভিন্ন নকশায় সজ্জিত। পূর্বদিকে একটি করে প্রবেশদ্বার রয়েছে তিনটি মসজিদেরই।
অর্ধবৃত্তাকার খিলানযুক্ত দ্বারের বাইরের দেয়ালগুলোও অলংকৃত রয়েছে। মসজিদগুলোর সামনে রয়েছে তিন ধাপের সিঁড়ি। মুসলিম স্থাপত্যিক এ প্রাচীন নির্দশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত সংরক্ষিত পুরাকির্তী। ঝালকাঠি জেলার এ প্রত্নঐতিহ্য প্রত্নতত্ব অধিদফতরের তালিকাভুক্ত ও সংরক্ষণে রয়েছে।



