
চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছিন হোসেন (৪) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। খেলতে গিয়ে পানিতে পড়ে এই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (৮ নভেম্বর ) সকাল ৬টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের হাজী বাড়ির একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
মৃত ইয়াছিন ওই গ্রামের হাজী বাড়ির দিনমজুর জিতুর ছেলে।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর থেকে শিশু ইয়াছিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেলে রাতে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ।
শিশুটির বাবা জিতু বলেন, ‘আমার অবুঝ ছেলের সাথে বা আমাদের সাথে কারো কোনো শত্রুতা নেই। কারো প্রতি আমাদের কোনো সন্দেহও নেই। হয়তো খেলতে গিয়ে সে পানিতে পড়ে গেছে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছি।’
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, রোববার সকালে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি আগের দিন দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








