আশুলিয়ায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনার নেপথ্যে হত্যাকান্ড নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
লাশ উদ্ধার করছে পুলিশ
লাশ উদ্ধার করছে পুলিশ |নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এসময় পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানায়, স্বামী-স্ত্রী পরিচয়ে ওই নারী ও পুরুষ বাসা ভাড়া নিয়েছিল। ঘরের দড়জা-জানালা সবসময় বন্ধ থাকত। গতরাতে ওই কক্ষ থেকে পঁচা দুর্গন্ধ বের হচ্ছিল। পরে বিষয়টি তাৎক্ষণিক থানায় অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। এছাড়া সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামতও সংগ্রহ করে।

‎আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনার নেপথ্যে হত্যাকান্ড নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে মৃতরা স্বামী-স্ত্রী।’

তাদের ঠিকানা শনাক্তের কাজ চলছে বলে জানান ওসি।