নড়াইলের লোহাগড়া উপজেলায় দুই দিনের ব্যবধানে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে।
সর্বশেষ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ইসলাম শেখ (৪৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁদ সরদার (৪০) নামে আরেক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়। দুটি ঘটনায় ২৪ ঘণ্টায় সাতজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া মিরচাঁদ হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মো: শহীদুল ইসলাম মোল্যাকে গ্রেফতার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার সালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কবরস্থান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইসলাম শেখ ওই গ্রামের বজলু শেখের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসলাম শেখ লাহুড়িয়া বাজার থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে কবরস্থান এলাকায় পৌঁছালে ওই গ্রামের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি টিপু সুলতান ও কামরুল ইসলামের নেতৃত্বে, পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে।
আটকরা হলেন—রঘুনাথপুর গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে ইয়ামিন মোল্যা (২২), মরহুম হোসেন শেখের ছেলে সোহেল শেখ (৩৬), মাসুদ মোল্যার ছেলে নাছিম মোল্যা (১৭), মরহুম গোলাম মওলার ছেলে সাবাবুল শেখ (৬০), একই পিতার ছেলে শহিদুল ইসলাম আঙ্গুরী (৪০) এবং দাউদ শেখের ছেলে রমজান শেখ (২০)।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে গত ৮ সেপ্টেম্বর সকালে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের কোপে মিরচাঁদ সরদার নামে এক ভ্যানচালক নিহত হন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মিরচাঁদ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও কোটাকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: শহীদুল ইসলাম মোল্যাকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনার লবণচরা থানা পুলিশের সহযোগিতায় তার ভায়রা ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত ১০টার দিকে তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান তার গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।
মাত্র দুই দিনের ব্যবধানে উপজেলার দুটি ইউনিয়নে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।



