সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৯

শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

Location :

Sylhet
দুর্ঘটনাকবলিত বাস দু’টি
দুর্ঘটনাকবলিত বাস দু’টি |নয়া দিগন্ত

সিলেট ব্যুরো ও ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার বিকেল আড়াইটার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের (সিওমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মুনির জানান, অন্তত ১৩ জন আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ছয়-সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে নিহত নয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়াদের মধ্যে দু’জন সিলেটের ও দু’জন কিশোরগঞ্জের বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত চারজন হলেন— কিশোরগঞ্জের বাউলশিল্পী পেহেলী ভৈরবী ও কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার লক্ষীপুর গ্রামের মরহুম সফিক উদ্দিনের ছেলে ব্যবসায়ী সাইফুল ইসলাম (৫০)। অন্য ‍দু’জন হলেন— সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) ও ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা জাইফা (৩)। নিহত ও আহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। ঘটনার পর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরো এক শিশুর মৃত্যু হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীর বাজারের পাশের কাশিকাপনে বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহন দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

তিনি আরো জানান, দুর্ঘটনায় দুই বাসেরই বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হাসপাতালে আনার পর এক শিশু মারা গেছে। তার মাথায় গুরুতর আঘাত ছিল।