রাজশাহী ব্যুরো
রাজশাহীতে চুরির অপবাদ দিয়ে এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার এজাহারভুক্ত এক আসামিকে থানা থেকেই অব্যাহতি দেয়া হয়েছে।
নির্যাতনের শিকার যুবকের নাম মো. তুষার (১৮)। তিনি নগরীর কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা।
পুলিশ জানায়, রোববার (১০ মে) নগরীর মতিহার থানা এলাকায় তুষারকে গাছে বেঁধে মারধর করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে তুষারের বাবা নাজির আলী সোমবার মতিহার থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন নগরীর বাজে কাজলা এলাকার মুহিন (১৮) এবং ধরমপুর দক্ষিণপাড়া এলাকার আলী হাসান মো. মুজাহিদ।
মামলার অন্য আসামিরা হলেন শামীম (৫৫), হৃদয় (২২) ও আশিক (২২)। এছাড়া অজ্ঞাতনামা আরো তিন-চারজনকে আসামি করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গাজিউর রহমান জানান, এজাহারে নাম থাকলেও প্রাথমিক তদন্তে আলী হাসান মো. মুজাহিদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। তাই তাকে থানা থেকেই অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৭৩ (ক) ধারায় প্রতিবেদন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, গ্রেফতার হওয়া মুহিনকে মঙ্গলবার (১২ মে) আদালতে হাজির করা হলে বিচারক তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, গত শনিবার রাতে হৃদয়সহ কয়েকজন তুষারের বাড়িতে গিয়ে তার খোঁজ করেন। তুষার বাড়িতে না থাকায় তার বাবা নাজির আলীকে হুমকি দিয়ে তারা চলে যান। পরদিন সকালে হৃদয়ের বাড়িতে গিয়ে আগের দিনের ঘটনার কারণ জানতে চাইলে তুষারকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।
পরে পরিবারের সদস্যরা আহত তুষারকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে সোমবার তিনি বাড়ি ফেরেন।



